পাকিস্তান ক্রিকেটে অবিচ্ছেদ্য এক নাম ইমরান খান। সময়ের পরিক্রমায় রাজনীতিতে যোগ দিয়েছেন পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। তখন ক্রিকেট বিশ্বের আইকন হয়ে ওঠা ইমরান খানের স্টাইল অনুকরণ করতেন তরুণরা।
সময়ের পরিক্রমায় যোগ দিয়েছেন রাজনীতিতে। হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। যে কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে। দীর্ঘ সময় ধরে আছেন কারাগারে। কদিন আগেও তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মারা না গেলেও, কঠিন শারীরিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এক চোখের আলো হারিয়ে ফেলছেন ইমরান খান। যে খবর শুনে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ১৪ অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করার। অধিনায়কের এমন অবস্থায় চরম শত্রুও মুখ বন্ধ করে রাখেননি। ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও একই দাবিতে এগিয়ে এসেছেন। পাকিস্তানকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে যার এত বড় অবদান তার কেনো এমন দশা হবে?
সৌরভ বলেন, ‘অধিনায়করা যা করেছেন তা ঠিকই করেছেন। ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন। বিশ্বকাপ জয়ের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। তিনি কিংবদন্তি। অবশ্যই তার সুচিকিৎসা পাওয়া উচিত। রাজনীতি ভিন্ন বিষয়। কিন্তু সুচিকিৎসা তো পাওয়া উচিত। আমি আশা করব পাকিস্তান সরকার তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করবেন।’
পাকিস্তানের ক্রিকেট নিয়েও কথা বলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশয়ী হয়েছে পাকিস্তান। এই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের আর দেখা হবে কিনা সে বিষয়েও কথা বলেন গাঙ্গুলি।
তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের গৌরবময় অতীত আছে। যেখানে জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইনজামামরা খেলতো। সাময়িক খারাপ সময় যাচ্ছে। তবে তারা ঘুরে দাঁড়াবে। এই বিশ্বকাপে আবার দেখা হতে হলে আগে পাকিস্তানকে ভালো খেলতে হবে।’
সময়ের আলো/এআর