বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদে সাময়িক মনোনয়ন দিয়েছে। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের বিভিন্ন পদে মোট ২ হাজার ৯৫৮ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ ২ হাজার ১১০ জন প্রার্থী ১০ম গ্রেডে সুপারিশ পেয়েছেন। এ গ্রেডে মোট ৩১টি ক্যাটাগরির পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ৪টি ক্যাটাগরিতে যোগ্য প্রার্থী না থাকায় কোনো সুপারিশ করা হয়নি।
৯ম গ্রেডে মোট ৬৩টি ক্যাটাগরির পদের মধ্যে ৫৯টিতে ৪৩২ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। বাকি ৪টি ক্যাটাগরিতে উপযুক্ত প্রার্থী না থাকায় পদগুলো শূন্য রয়েছে। এই গ্রেডে সবচেয়ে বেশি সুপারিশ প্রাপ্ত পদ হলো প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইনস্ট্রাক্টর পদ, যেখানে ৬০ জনকে সুপারিশ করা হয়েছে।
১১তম গ্রেডের ২টি ক্যাটাগরির পদে ৪১৬ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
নন-ক্যাডারে মোট শূন্যপদ ছিল ৪ হাজার ১৩৬টি। সুপারিশের পরও ১ হাজার ১৭৮টি পদ এখনও শূন্য রয়ে গেছে। পিএসসি জানিয়েছে, শূন্যপদ পূরণের জন্য ভবিষ্যতে আরও প্রার্থীদের সুপারিশ দেওয়া হতে পারে।
/ইউএমএইচ