মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা’।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়।
বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম ও সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্টল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এবারের বইমেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রকাশনীর মোট ২১টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।
মেলার উদ্বোধন উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।
সভায় বক্তারা বলেন, ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির পঞ্চগড়ের গর্বিত সন্তান। তারা নিজেদের জীবন বাজি রেখে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছিলেন। নতুন প্রজন্মের কাছে এই দুই বীরের সংগ্রামী ইতিহাস পৌঁছে দিতেই তাদের নামে এই মেলার নামকরণ করা হয়েছে। বক্তারা বিদেশি ভাষার অপসংস্কৃতি পরিহার করে প্রাত্যহিক জীবনে মাতৃভাষার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়তে তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। মেলা প্রাঙ্গণে উদ্বোধনী দিনেই বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সময়ের আলো/আরবিএন