৪৪তম বিসিএস : শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন

সময়ের আলো ডেস্ক

চাকরি

৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক হিসেবে পদায়ন করেছে সরকার। গত মঙ্গলবার

2026-02-25T16:17:44+00:00
2026-02-25T16:17:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
৪৪তম বিসিএস : শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম 
ফাইল ছবি
৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক হিসেবে পদায়ন করেছে সরকার। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ ও পদায়নের আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এই কর্মকর্তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত এই কর্মকর্তারা ইতোমধ্যে তাদের জন্য নির্ধারিত অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে এই ক্যাডারের জন্য সুপারিশ করা হয়েছিল, যার মধ্যে চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা কর্মস্থলে যোগদান করেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাদের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তবে নিয়োগের শর্ত হিসেবে জানানো হয়েছে, এই কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর বাধ্যতামূলকভাবে কর্মরত থাকতে হবে এবং এই সময়ের মধ্যে কোনো বদলির আবেদন গ্রহণ করা হবে না।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের বলা হয়েছে, নবনিযুক্ত কর্মকর্তাদের যোগদানের প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। যদি কোনো কলেজে পদ শূন্য না থাকে বা অন্য কোনো জটিলতা দেখা দেয়, তবে কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   বিসিএস  প্রভাষক  ৪৪ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: