আফগানিস্তানের হামলার জবাবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এতে আফগানিস্তানের অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে বলে দাবি পাকিস্তানের।
এদিকে পাল্টা জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিনটি শহরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আফগানিস্তান থেকে তাদের অ্যাবোটাবাদ, সোয়াবি এবং নোসেরাতে ড্রোন উড়ে আসে। ওই সময় ড্রোন বিধ্বংসী ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে।
এর আগে আফগান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের বিমানবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সামরিক স্থাপনাসহ একাধিক জায়গায় সফল হামলা চালিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।
এতে ইসলামাবাদের ফয়জাবাদ, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সেনা ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি মিলিটারি কমপ্লেক্সে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে তারা।
গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এরপর পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। যা আজ শুক্রবার দুপুরের পর পর্যন্ত চলছিল।
সময়ের আলো/এআর