খালাস পেয়ে আদালতে কাঁদলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস পান কেজরিওয়াল।
রায় ঘোষণার পর অশ্রুসিক্ত নয়নে আদালত ছাড়েন ‘জনমানুষের’ নেতা কেজরিওয়াল। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে।’
তিনি অভিযোগ করেন, আম আদমি পার্টিকে ‘শেষ’ করে দেওয়ার রাজনৈতিক চক্রান্তে মেতেছিলেন প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই চক্রান্ত সফল হয়নি।
দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলছিল। রায়ের পর বের হয়েই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন আম আদমির এই নেতা।
তার বিরুদ্ধে মূল অভিযোগ, ক্ষমতায় থাকাবস্থায় মদ বিক্রির লাইসেন্সের বিনিময়ে ঘুষ নিয়েছেন তিনি। এ অভিযোগে ২০২৪ সালের মার্চে গ্রেফতার হওয়ার পর কয়েক মাস কারাবন্দি ছিলেন তিনি। ক্ষমতাসীন দলের ‘রাজনৈতিক চক্রান্তের’ শিকার হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান কেজরিওয়াল।
উল্লেখ্য, শুক্রবার কেজরিওয়ালের পাশাপাশি সাবেক উপ-মূখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং অপর ২১ নেতাকর্মীকে সব ধরনের অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছে।
মোদির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের অন্যতম কেজরিওয়াল। তিনি বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।
সময়ের আলো/এআর