চিকিৎসকসহ যারা নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হবে না, তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৭ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবায় জড়িত প্রত্যেককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।
কোনো পূর্ব ঘোষণা না দিয়ে, প্রটোকল ছাড়াই শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালে প্রবেশ করেই তিনি সরাসরি হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার পরীক্ষা করেন। চিকিৎসকরা ঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন কি না, তা সরেজমিনে যাচাই করাই ছিল তার এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।
এ সময় রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী জরুরি বিভাগ থেকে শুরু করে প্যাথলজি ল্যাব এবং বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের স্টক ঠিক আছে কি না, সে বিষয়েও কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ