
উপজেলা প্রশাসনের সম্মাননা পাওয়া মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন। ছবি : সময়ের আলো
উপজেলা প্রশাসনের সম্মাননা পাওয়া মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন। ছবি : সময়ের আলোনদী ও জীবিকার সংগ্রামের মধ্যেই বেড়ে ওঠা। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা মান্তা জনগোষ্ঠীর দুই তরুণ এবার উচ্চশিক্ষা অর্জন করে দেখিয়েছেন নতুন স্বপ্নের পথ। দারিদ্র্য, সামাজিক প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো মান্তা জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।
এই অর্জনের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই তরুণের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা, জীবন-জীবিকার অনিশ্চয়তা ও নানা সামাজিক সীমাবদ্ধতার কারণে এই জনগোষ্ঠীর অনেক সন্তান শিক্ষার মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। জীবিকার সংগ্রাম সামলাতে গিয়ে তাদের কাছে পড়াশোনা চালিয়ে যাওয়াই হয়ে ওঠে কঠিন।
এমন বাস্তবতায় আবু বক্কর সিদ্দিক ও বায়েজীদ হোসেনের উচ্চশিক্ষা অর্জন বিশেষ তাৎপর্য বহন করছে। তাদের সাফল্য দেখিয়েছে, প্রতিকূলতা থাকলেও চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার পথে এগিয়ে যাওয়া সম্ভব।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউএনও আসমা উল হুসনা বলেন, মান্তা সম্প্রদায়ের সন্তানদের এমন অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। তাদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
এ সময় দুই তরুণের ভবিষ্যৎ এগিয়ে নিতেও প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সম্মাননাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তারা উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা করেছেন। উপজেলা প্রশাসনের এই স্বীকৃতি তাদের আরও অনুপ্রাণিত করেছে। তাদের প্রত্যাশা, মান্তা সম্প্রদায়ের অন্য সন্তানরাও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে।
স্থানীয় সচেতন মহলের মতে, দুই তরুণের এই অর্জন মান্তা সম্প্রদায়ের অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তাদের সাফল্য দেখে অন্য পরিবারগুলোও সন্তানদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী হবে। পাশাপাশি পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার হবে বলেও আশা করছেন তারা।
নদী আর জীবিকার সংগ্রামে বেড়ে ওঠা এই দুই তরুণের অর্জন তাই শুধু দুটি পরিবারের আনন্দের উপলক্ষ নয়। এটি মান্তা সম্প্রদায়ের নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার বার্তা। দারিদ্র্য ও প্রতিকূলতা শিক্ষার অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ালেও তা যে স্বপ্নপূরণের পথ পুরোপুরি বন্ধ করতে পারে না, বাবুগঞ্জের আবু বক্কর সিদ্দিক ও বায়েজীদ হোসেন তারই উদাহরণ।
সময়ের আলো/এসএকে