
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতশিশুদের শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করতে হবে। পাশাপাশি নাচ-গানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ছোট ছোট খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই, সেখানেও মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলার সুযোগ থেকে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত রাখা যাবে না।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব বিদ্যালয়ের ভবন ও অন্যান্য অবকাঠামো জরাজীর্ণ, সেগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। শিশুদের জন্য সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
খোলামেলা পরিবেশে ছনের ঘর, বাঁশের বেড়া ও সবুজ প্রকৃতির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ‘প্রকৃতির পাঠশালা’। এখানে প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি গাছপালা, পাখি, পরিবেশ, নৈতিকতা, মূল্যবোধ ও বাস্তব জীবনের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পাবে শিশুরা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে