সংসদ অধিবেশন শুরুর আগে নবনির্বাচিত এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিয়েছে বিএনপি। শনিবার (৭ মার্চ) দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশান কার্যালয়ে কর্মসূচিতে যোগ দেন এমপি-মন্ত্রীরা।
এর আগে শুক্রবার (৬ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন। সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। এদিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ অংশগ্রহণ করেন।
শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা অংশগ্রহণ করেন। অপরদিকে বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।
বিএনপির দলীয় সূত্র জানায় এই কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
এছাড়াও এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হচ্ছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা।
সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহ উদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গয়েশ্বর চন্দ্র রায়, জহির উদ্দিন স্বপন, নুরুল ইসলাম মনি ও খায়রুল কবির খোকন প্রমুখ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে বসছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালি সম্পর্কে অভিজ্ঞতা নেই। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
সময়ের আলো/জেডআই