ডিপোতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী এবং ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে।রোববার (৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের

2026-03-08T19:13:48+00:00
2026-03-08T19:37:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ডিপোতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৭:৩৭ পিএম
প্রতীকী ছবি
জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী এবং ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে দেশের প্রধান প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একই সঙ্গে দেশের ফিলিং স্টেশনগুলোতে পুলিশি টহল জোরদারের অনুরোধও করা হয়েছে।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। গতকাল শনিবার পাঠানো এক চিঠিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে ডিলাররা হঠাৎ বাড়তি চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না- এমন খবর পাওয়া যাচ্ছে।

এর ফলে চট্টগ্রামের পতেঙ্গায় তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিপিসি।

চিঠিতে বলা হয়, দেশের জ্বালানি তেলের ডিপোগুলো ‘কেপিআই’ বা গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জরুরি ভিত্তিতে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে বলে বিপিসি মনে করছে।

অন্য এক চিঠিতে বিপিসি জানিয়েছে, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় অনেক ভোক্তার মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে।

এর ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

বিপিসি জানিয়েছে, এ পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে তেল বিক্রির পরিমাণ সীমিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তবে বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতাদের সঙ্গে কর্মচারীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এজন্য দেশের সব ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বিপিসি।

/ইউএমএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: