চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফেলাগাজী দীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত একজন ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
নিহতরা হলেন- যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।
নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং হতবিহ্বল কণ্ঠে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ থাকায় তারা রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা লাশ হলো।’
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, ‘এই দুর্ঘটনায় আহতদের মধ্যে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সময়ের আলো/কেএইচও