স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি শক্তি ও ক্ষমতার প্রতীক। এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা শুধু আর্থিক সুবিধাই পাবেন না, বরং সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় হবে এবং নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা আর পিছন ফিরে না তাকাই। সামনের দিকে তাকিয়ে দেশকে কীভাবে সুন্দর করা যায়, কীভাবে ভালোভাবে কাজ করতে পারি, বাচ্চা গুলোকে লেখাপড়া করাতে পারি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, উন্নত স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে পারি, ঠিক এই কাজগুলো আমরা সবাই মিলে করি।’
তিনি বলেন, ‘আমাদের ক্ষমতায় আসার মাত্র ২২ দিন, এরই মধ্যে ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। খাল খনন শুরু হয়েছে যেন খরা মৌসুমে সেচ সুবিধা পেতে পারে কৃষক। আজ আবার ফ্যামিলি কার্ড দেয়াও শুরু হলো। গত ১৫ বছরে অনেক উন্নয়ন কাজ থেকে দেশ বঞ্চিত হয়েছে। সেই ঘাটতি পূরণে সরকার দ্রুত কাজ শুরু করেছে।’
সময়ের আলো/কেএইচও