ফ্যামিলি কার্ড বিতরণে কোন দলীয়করণের সুযোগ রাখা হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর ৪১ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু বলেন, ‘পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশের মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করলেও তাদের এই সেবার যথাযথ মূল্যায়ন আগে কখনো হয়নি। তারেক রহমান ঘোষিত এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে মূল্যায়নের জন্য গৃহকর্তীদের বেছে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধানের একাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যাচ্ছে। যা তাদের হাতে একটি অর্থনৈতিক শক্তি তৈরি করবে। আমাদের সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা এই ঝুঁকি নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই কার্ড বিতরণে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি। সরকারি কর্মকর্তারা নির্দ্বিধায় ও স্বাধীনভাবে কাজ করে হতদরিদ্রদের খুঁজে বের করেছেন।’
অর্থ মন্ত্রী বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে এই নির্বাচনি ওয়াদা বাস্তবায়ন করে প্রমাণ করেছে যে নেতৃত্ব ঠিক থাকলে সব সম্ভব।’
সময়ের আলো/কেএইচও