হার নিশ্চিত বলে যখন ধরে নিয়েছিল সবাই, ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হলেন লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের নাটকীয় লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হার এড়াতে সক্ষম হয়েছে বার্সেলোনা। সেন্ট জেমস পার্কে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে দুই দলের প্রথম দফার দ্বৈরথ।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে বার্সেলোনাকে চেপে ধরে নিউক্যাসল। চতুর্থ মিনিটেই গোল হজম করতে বসেছিল কাতালানরা। গোলরক্ষক হোয়ান গার্সিয়া তালগোল পাকালেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন ডিফেন্ডার পাউ কুবার্সি। প্রথমার্ধের বাকিটা সময় নিউক্যাসলের আক্রমণভাগ এবং বার্সেলোনার রক্ষণের লড়াই চললেও কোনো পক্ষই জালে বল জড়াতে পারেনি।
বিরতির পর দুই দলই মাঝমাঠে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। ৬৬ মিনিটে রবার্ট লেভানডফস্কি সহজ সুযোগ নষ্ট করলে হতাশ হতে হয় বার্সা সমর্থকদের। ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় নিউক্যাসেল। জ্যাকব মার্ফির নিখুঁত ক্রস থেকে অরক্ষিত হার্ভি বার্নস দুর্দান্ত এক শটে বল জালে জড়ালে ১-০ গোলে লিড পায় ইংলিশ ক্লাবটি। গোলরক্ষক গার্সিয়া চেষ্টা করলেও বলের নাগাল পাননি।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে যখন নিউক্যাসলের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই ঘটে নাটকীয় মোড়। ডি-বক্সের ভেতর দানি ওলমোকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচ শেষের ঠিক কয়েক সেকেন্ড আগে প্রচণ্ড চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে সফল স্পট কিকে গোল করেন লামিনে ইয়ামাল। ফলে নিশ্চিত হার থেকে বেঁচে গিয়ে ১-১ সমতায় মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অ্যাওয়ে গোলের নিয়ম না থাকায় আপাতত স্বস্তিতেই ফিরছে বার্সা। আগামী বুধবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ফিরতি লেগের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের আরেক ম্যাচে গ্যালাতাসারের কাছে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। ম্যাচের দ্বিতীয় মিনিট থেকেই গালাতাসারের রক্ষণভাগে ভীতি ছড়াতে থাকে লিভারপুল। ফ্লোরিয়ান ভিয়েৎস ও দমিনিক সোবোসলাইয়ের পরপর দুটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে লিড নেওয়া হয়নি তাদের। উল্টো সপ্তম মিনিটে কর্নার থেকে আসা বলে ভিক্তর ওসিমেনের হেডের পর নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন মারিও লেমিনা। ১-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারে।
শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি লিভারপুল। অলরেডদের জার্সিতে ইউরোপসেরার মঞ্চে এদিন নতুন ইতিহাস গড়েন মোহামেদ সালাহ। ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৮১টি ম্যাচ খেলে টপকে যান কিংবদন্তি জেমি ক্যারাঘারকে। তবে রেকর্ডের রাতটি নিজের করতে পারেননি এই মিসরীয় তারকা। নিষ্প্রভ থাকায় ম্যাচের ৬০তম মিনিটেই তাকে তুলে নেন কোচ আর্না সøট। বদলি হিসেবে নামা উগো একিটিকেও কয়েকবার গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও ভাগ্য সহায় ছিল না লিভারপুলের। ৪৬ ও ৫৭ মিনিটে সোবোসলাইয়ের দুটি জোরালো শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৭০ মিনিটে জটলার ভেতর থেকে ইব্রাহিমা কোনাতের শট জালে জড়ালেও হ্যান্ডবলের কারণে ভিএআরের সহায়তায় গোলটি বাতিল হয়। শেষ দিকে কোডি গাকপো সমতা ফেরানোর সুযোগ পেলেও তার গতিময় শট পোস্ট ছুঁয়ে বাইরে চলে গেলে হার নিশ্চিত হয় অলরেডদের। আগামী বুধবার ফিরতি লেগে নিজেদের মাঠ অ্যানফিল্ডে গ্যালাতাসারেকে আতিথ্য দেবে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের অন্য ম্যাচে মাইকেল ওলিসের জোড়া গোলে আটালান্টাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে বাকি গোলগুলো করেছেন জোসিপ স্ট্যানিসিক, সার্জি জিনাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা। অন্য ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে ৫-২ গোলের বড় ব্যবধানের হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ।
সময়ের আলো/আআ