ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন সরকার। দেশের ১২টি সিটি কর্পোরেশনে কর্মরত প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার চেক সিটি কর্পোরেশন প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবেই সরকার এমন উদ্যোগ নিয়েছে।
সরকারি সূত্র জানায়, এই সহায়তার মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগর সেবার সঙ্গে যুক্ত কর্মীদের কল্যাণে ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিকে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এএডি/