মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দেয়।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) জানিয়েছে, এটি একটি বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ। যাত্রী, বিমান ক্রু এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেই আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও অপারেশনাল পরিস্থিতি বিশ্লেষণ করে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চলছে। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার ‘নতুন ঢেউ’ মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
আরও পড়ুন
গত কয়েক দিনে দুবাই ও আবুধাবির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় নিরাপত্তা সতর্কতা আরও জোরদার করা হয়েছে।
আকাশপথ বন্ধ ঘোষণার পরপরই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস সাময়িকভাবে তাদের ফ্লাইট কার্যক্রম স্থগিত করেছে।
কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
এএডি/