প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি কুয়েতে বাড়ির ভেতরে লাইসেন্সবিহীন মুদি দোকান খুলে সেখানে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) কুয়েতের সংবাদমাধ্যম দ্য টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের বলা হয়, কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে একটি স্কুলের কাছে থাকা মুদি দোকান থেকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির তথ্য আসে। পরে তথ্য যাচাই করে সন্দেহভাজনদের কার্যক্রমের ওপর নজরদারি শুরু করেন নিরাপত্তা কর্মকর্তারা। দেশটির সাদ আল-আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটেছে।
তদন্তের সময় তারা কীভাবে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিতেন, পণ্য প্রস্তুত করতেন এবং সরবরাহের ব্যবস্থা করতেন, তা পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির সময় বাড়ির বাইরে থেকে প্রথম সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাকি ৪ জনকে আটক করা হয়।
এতে আরও বলা হয়, অভিযানে ১৩টি বড় ও ২৩টি ছোট বাক্সভর্তি ই-সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ২১৯টি ছোট প্যাকেট তামাক এবং বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে—এমন ১ হাজার ৭২২ কুয়েতি দিনার উদ্ধার করা হয়।
তদন্তে বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, ৫ জন মিলে মুদি দোকানটি পরিচালনা করতেন এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট দায়িত্ব ভাগ করা ছিল। তাদের কেউ দোকানের তদারকি করতেন, কেউ পরিচালনাসংক্রান্ত কাজ, অর্ডার গ্রহণ ও অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। আবার কেউ ফোনে অর্ডার নেওয়া, পণ্য প্রস্তুত এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন।
গ্রেফতার ৬ বাংলাদেশী এবং জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও