পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, সংগঠনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে এই সময় বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি ছুটির কারণে এ সময় দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন।
ভোমরা কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান বলেন, ঈদের সরকারি ছুটির সময় বন্দর ও কাস্টমস হাউসের প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
এফআর