প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম
সংগৃহীত ছবিমোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী নম্বরপ্লেটের একাধিক মাপ ব্যবহারেরও সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার (১ নভেম্বর) এটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে বা আনুভূমিকভাবে নম্বর লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের রেজিস্ট্রেশন নম্বর একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের বিভিন্ন কারিগরি বিষয় নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং সংখ্যার মধ্যবর্তী ব্যবধান। পাশাপাশি দ্বিতীয় লাইনে নম্বর লেখার ক্ষেত্রে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ।
একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
সময়ের আলো/জোই