১২ ডিসেম্বর ইউপির তফসিল

শাকিল আহমেদ

জাতীয়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ডিসেম্বর ঘোষণা করা হবে প্রথম ধাপের নির্বাচনের তফসিল।

2026-11-02T02:15:53+00:00
2026-11-02T02:15:53+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
১২ ডিসেম্বর ইউপির তফসিল
শাকিল আহমেদ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:১৫ এএম 
ছবি : সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ডিসেম্বর ঘোষণা করা হবে প্রথম ধাপের নির্বাচনের তফসিল। সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আমরা ইউপি নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত আছি। আসলে আমরা তো নভেম্বরের জন্যই প্রস্তুত ছিলাম। সুতরাং আমাদের সবই রেডি আছে।

কবে তফসিল ঘোষণা করা হবে জানতে চাইলে তিনি বলেন, ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট। ভোটের ৪০ দিন আগে জেলা নির্বাচন কর্মকর্তারা আমাদের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণা করবেন। আব্দুর রহমানেল মাছউদের তথ্য অনুযায়ী ভোটের ৪০ দিন আগের হিসাব করলে ১২ ডিসেম্বর তফসিল ঘোষণা হওয়ার কথা।

নির্বাচনের আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও আনসার নিয়োজিত থাকবে। সেনাবাহিনী থাকবে না। কিন্তু প্রথম ধাপে যদি বেশি সহিংসতা দেখা যায় তা হলে পরের ধাপের নির্বাচনে সেনাবাহিনী বিবেচনা করতে পারি। তবে নরমাললি সেনাবাহিনী থাকবে না।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গত ১৩ অক্টোবর ইসির ১৩তম কমিশন সভা শেষে পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসির ঘোষিত সূচি অনুযায়ী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আনুমানিক ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হয়েছে। আইন অনুযায়ী ২০২৭ সালের ২৭ মের মধ্যে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে।

ইউপির জন্য ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ : স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র ৪২৫টি। 

উল্লেখিত কেন্দ্রগুলোতে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি। এ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৪১ হাজার ৪৬৬টি ভোটকেন্দ্র, পৌরসভা নির্বাচনের জন্য ৫ হাজার ২০২টি ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৫ হাজার ১৫১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। এদিকে জেলা পরিষদ নির্বাচন অন্য স্থানীয় সরকার নির্বাচনের মতো সরাসরি ভোটে অনুষ্ঠিত না হওয়ায় এর জন্য আলাদা করে ভোটকেন্দ্র নির্ধারণের প্রয়োজন হয়নি ইসির।


চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

আচরণ বিধি প্রকাশ : ২০১৬ সালের আচরণবিধি বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদসহ সব স্তরের জন্য নতুন আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। নতুন আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময় ও শব্দসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

এ ছাড়া নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা, বিলবোর্ডের সীমা নির্ধারণ, ভোটারদের এনআইডি-মোবাইল নম্বর সংগ্রহে নিষেধাজ্ঞা, ধর্মীয় ও সরকারি প্রতিষ্ঠানে প্রচারে নিষেধাজ্ঞা, ভোটারকে প্রভাবিত করতে বলপ্রয়োগ ও অর্থ ব্যয়ে নিষেধাজ্ঞা, প্রচারে ‘অতি গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের অংশ না নেওয়া, নাগরিকের সম্পত্তির ক্ষতি না করা, সাদা-কালো প্রচারসামগ্রী ব্যবহার করাসহ একগুচ্ছ নতুন নিয়ম বেঁধে দিয়েছে ইসি। এসব নিয়ম না মানলে কিংবা আচরণবিধি ভাঙলে প্রার্থীকে জরিমানা ও তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানিয়েছে ইসি। এর বাইরেও নির্বাচনিসামগ্রী কেনাকাটাসহ অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে ইসি।

এদিকে দীর্ঘ ১০ বছর পর দলীয় প্রতীকবিহীন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। তাই ইউপি নির্বাচনে একটি রাজনৈতিক দলের একাধিক প্রার্থী অংশ নিতে পারবে। যদিও দল থেকে যেকোনো একজন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে দলগুলো। এরপরও নির্বাচনে জিততে হলে দল সমর্থিত প্রার্থীকে নিজ দল এবং বিরোধী দলের একাধিক প্রার্থীকে মোকাবিলা করতে হবে। 

এ জন্য ইউপি নির্বাচনে পেশিশক্তির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা নিয়ন্ত্রণে রাখাই ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কমিশন। তাই এবার নির্বাচনের আগে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন বিশেষজ্ঞ, সাবেক কমিশন, কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে ইসি। এর ধারাবাহিকতায় ডিসেম্বরে দলগুলোর সঙ্গে সংলাপ করতে যাচ্ছে তারা।


এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সময়ের আলোকে বলেন, স্থানীয় নির্বাচনে অনেক মানুষ মারা যায়। অনেক সহিংসতা হয়। এবার যাতে সে পরিস্থিতির সৃষ্টি না হয় বা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কোনো হাঙ্গামা না করে এ বিষয়ে আগামী মাসে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে বসব এবং সবার সহযোগিতা কামনা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে মিটিং হচ্ছে, ভবিষ্যতে আরও হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে ৫৪৯৭টি। এর মধ্যে ১৩টি সিটি করপোরেশন, ৩৩১টি পৌরসভা, ৬৪টি জেলা পরিষদ, ৫০৩টি উপজেলা পরিষদ ও ৪৫৮৬টি ইউনিয়ন পরিষদ। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগই নির্বাচন উপযোগী হয়ে আছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র এবং আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে সব কাউন্সিলরকে অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এরপর ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদও হয়ে পড়ে জনপ্রতিনিধিহীন। ফলে দুই বছরের বেশি সময় ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই চলছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডিসেম্বর  ইউপি  তফসিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: