সংকটের বেড়াজালে পুলিশের যানবাহন

আদিল সরকার

জাতীয়

প্রতিদিন আইন শৃঙ্খলাবাহিনী অর্থাৎ পুলিশকে তাদের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করতে তটস্থ থাকতে হয়। কোথায় কখন কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়

2026-11-02T02:59:35+00:00
2026-11-02T02:59:35+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
সংকটের বেড়াজালে পুলিশের যানবাহন
আদিল সরকার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
প্রতিদিন আইন শৃঙ্খলাবাহিনী অর্থাৎ পুলিশকে তাদের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করতে তটস্থ থাকতে হয়। কোথায় কখন কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি হয় তা অনেক ক্ষেত্রে আগাম জানা যায় না। তবে একেবারেই যে পূর্বাভাস পাওয়া যায় না তা নয়। কিন্তু চট জলদি এদিক সেদিক ছুটতে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো যানবাহন। প্রতিনিয়ত বিভিন্ন স্থানে টহল দেওয়ার জন্য, অপরাধ প্রতিরোধ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের কোনো বিকল্প নেই। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অপরাধপ্রবণ এলাকায় টহলের মধ্য দিয়ে অপরাধীদের তৎপরতা নজরদারির পাশাপাশি জরুরিভাবে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য এখন যানবাহন সংকট দেখা দিয়েছে। শুধু তাই নয়, নাগরিকদের কাছে পুলিশের দৃশ্যমান উপস্থিতি ও জরুরি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। 

পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পুলিশের অনুমোদিত স্থায়ী সরঞ্জাম তালিকায় মোট যানবাহন রয়েছে ১৬ হাজার ২০০টি। এর মধ্যে ৯ হাজার ৭৮৭টি মোটরসাইকেল। তবে বর্তমানে সচল রয়েছে ৫ হাজার ৫০৩ টি। অর্থাৎ ৪ হাজার ২৮৪ টি সচল নয়। এ ছাড়াও পুলিশের ৬ হাজার ৫৫৮টি যানবাহনের বয়স আট বছরেরও বেশি। অনেকদিন ধরে ব্যবহারের কারণে এ সব যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে। 

একই সঙ্গে মাঠ পর্যায়ে কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতাও কমছে। বিশেষ করে থানা ও ফাঁড়িতে পর্যাপ্ত সংখ্যক যানবাহন না থাকায় নিয়মিত টহল, সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করা দুরুহ হয়ে পড়েছে। এ ছাড়াও জরুরি পরিস্থিতিতে যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছাবে তাও অনেক সময় বাধাগ্রস্ত হয় শুধুমাত্র যানবাহনের অভাবে। 

রাজারবাগ পুলিশ লাইনের কয়েকজন সদস্যের কাছ থেকে জানা গেল, মেট্রোপলিটন পুলিশের জন্য যতটুকু সুবিধা রয়েছে, 
ঢাকার বাইরে পুলিশের জন্য যানবাহনের সে সুবিধা আরও অপ্রতুল। যে সব সদস্য কথা বলেছেন তারা সবাই ঢাকার বাইরে থেকে বদলি হয়ে আসা। 

জানা গেছে, পুলিশের অকেজো যানবাহনের তালিকা দীর্ঘ। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের মধ্যে ৩ হাজার ৬২৪টি যানবাহন অকেজো অবস্থায় রয়েছে। এই সময়ের মধ্যে নতুন যানবাহন কেনা হয়েছে মাত্র ২ হাজার ২৪৯টি। এর ফলে অকেজো যানবাহন প্রতিস্থাপনে বড় ঘাটতি রয়ে গেছে। থানাভিত্তিক যানবাহনের চাহিদা পূরণে সংকট রয়েছে। প্রতিটি থানায় দুটি করে ডাবল কেবিন ও দুটি সিঙ্গেল কেবিন পিকআপ প্রয়োজন। বর্তমানে ডাবল কেবিন পিকআপের ঘাটতি ১ হাজার ৩২৮টি। আর সিঙ্গেল কেবিন পিকআপ প্রয়োজন ২ হাজার ৬৫৬টি। 



অর্থাৎ দুই ধরনের পিকআপ মিলিয়ে মোট ঘাটতি ৩ হাজার ৯৮৪টি। এই ঘাটতি মেটাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার পরিমাণ ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা। 

অন্যদিকে আগামী একনেক বৈঠকে পুলিশের গাড়ি কেনার প্রস্তাব উঠতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন। সময়ের আলোকে তিনি বলেন, পুলিশের যানবাহনের সংকটের বিষয়টি মন্ত্রণালয় অবগত রয়েছে। সরকারের ব্যয় সংকোচনের নীতির কারণে অনেক সময় অগ্রাধিকার প্রাপ্য— এমন খাতগুলো বিবেচনা করা হয়। আশা করি সরকার পুলিশ বাহিনীর যানবাহন কেনার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সংকট  পুলিশ  যানবাহন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: