ইরানের প্রধান পারমাণবিক গবেষণাগার কেন্দ্র নাতাঞ্জে ফের ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে চালানো এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে তেহরান।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই) এক বিবৃতিতে জানায়, নাতাঞ্জের ‘শহিদ আহমাদি রোশান' গবেষণার কেন্দ্রে এই ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে।
তবে সংস্থাটির দাবি, হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি।
ইরানি কর্তৃপক্ষের মতে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই হামলা সম্পর্কে ইরানের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যুদ্ধের প্রথম সপ্তাহের মতো এবারও কেন্দ্রটির বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধেও এই নাতাঞ্জ কেন্দ্রটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও সেখানে অভিযান চালায়। (সূত্র : আলজাজিরা)
এফআর