প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম আপডেট: ০৭.১১.২০২৬ ৯:৪৭ এএম
পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। ছবি : সংগৃহীত চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। ফলে দেশগুলোর আরও বেশি সংখ্যক নাগরিক পর্যটনসহ অন্যান্য উদ্দেশ্যে সৌদি আরবে ভ্রমণের সুযোগ পাবেন।
শুক্রবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নতুনভাবে এই চারটি দেশের নাম প্রকাশ করে। দেশগুলো হলো—মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।
প্রয়োজনীয় যোগ্যতা ও বিধিমালা সাপেক্ষে এসব দেশের নাগরিকরা এখন সৌদি আরবে ভ্রমণের জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। পর্যটন ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একাধিক উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।
এর মধ্যে রয়েছে–বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়া এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ।
অফিসিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই চার দেশের যোগ্য নাগরিকরা যেসব ভিসা সুবিধা পাবেন, সেগুলো হচ্ছে–ই-ভিসা, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।
প্রতিটি ভিসা ক্যাটাগরির জন্যই সুনির্দিষ্ট শর্তাবলী, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়মকানুন প্রযোজ্য হবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের সুযোগ বৃদ্ধি করা এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসা সংক্রান্ত উদ্দেশ্যে দেশটিতে যাতায়াত আরও সহজ করার জন্য চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সময়ের আলো/কেএইচও