প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম
সময়ের আলো গ্রাফিকভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। নাশরা নাঈম নামের এক শিক্ষার্থী এ পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
ফল অনুযায়ী, নাশরা পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট।
এবার ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে রেকর্ড পাঁচটিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ার ক্ষেত্রে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনে ৪ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। আর সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউর ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান ফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানিয়েছেন, চলমান জেন জি (Gen Z) বিক্ষোভও এবারের নির্বাচনে প্রভাব ফেলেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষক বলেন, ‘আগের বছরগুলোতে নির্বাচনী প্রচারে ক্যাম্পাসকেন্দ্রিক বিষয়গুলো প্রাধান্য পেত। তবে এবার আলোচনায় জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয়ও উঠে এসেছে। এর মধ্যে মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও ছিল।’
এএমইউর উপাচার্য অধ্যাপক নাঈমা খাতুন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এটিকে বিশ্ববিদ্যালয়ের ‘সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ হিসেবে বর্ণনা করেন।
ছাত্র সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ায় স্বাগত জানিয়ে তিনি নারী ক্ষমতায়নের গুরুত্বও তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচার চলাকালে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।
সূত্র: ইন্ডিয়া টুডে