নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বেপরোয়া গতির অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আশিক। দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রাইভেটকারের প্রচণ্ড ধাক্কায় আশিক সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। অজ্ঞাত ওই গাড়িটি শনাক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সড়কে এমন একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘাতক চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সময়ের আলো/জোই