চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে তুচ্ছ বিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বেতাগীর ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায় বিয়েশাদির বিষয় নিয়ে নিহতের চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় মো. ছুফির ছেলে মোজাম্মেলের (৪৫) বিরোধ চলছিল। এ নিয়ে বাজারে মোজাম্মেল প্রকাশ্যে হুমকি দিলে মান্নান প্রতিবাদ করেন এবং উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়রা তখন বিষয়টি মীমাংসা করে দিলেও ক্ষিপ্ত হয়ে এশার নামাজে যাওয়ার পথে অন্ধকার এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মান্নানকে উপর্যুপরি কুপিয়ে জখম করে মোজাম্মেল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় জড়িত মোজাম্মেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেছেন নিহতের ছেলে মো. মুন্নাসহ স্থানীয় স্বজনরা।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরে পুলিশ মেরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে আছে।
নিহত আব্দুল মান্নানের ছেলে মুন্না জানান, আমার বাবার মরদেহ এখনো চট্টগ্রাম মেডিকেলে আছে। পোস্টমর্টেম শেষ হলে বাবার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বেতাগীতে নিয়ে যাব এবং পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
সময়ের আলো/জোই