সরকারি অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় দিনের শুরুতেই নির্ধারিত সময় অফিস কক্ষে উপস্থিত থাকা থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।
রোববার (২৯ মার্চ) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে এক ধরনের ‘শৃঙ্খলা সময়’ হিসেবে দেখছেন, যার মাধ্যমে দিনের কাজের প্রস্তুতি ও তদারকি জোরদার হবে।
সরকারি সূত্র বলছে, বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর পাশাপাশি অফিস পরিবেশকে আরও সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
নির্দেশনায় যা রয়েছে১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিসকক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে।
২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
৩. অফিস চলাকালে শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।
৫. অফিসকক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
৬. অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
৭. অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
৮. সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করতে হবে।
৯. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
১০. অফিসকক্ষ, করিডর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
১১. এসব নির্দেশনা প্রতিপালনের জন্য সব দপ্তর, সংস্থা বা কার্যালয়কে ভিজিল্যান্স টিম (পরিদর্শন দল) গঠন করতে হবে।
এই নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তর ও সংস্থাকে ভিজিল্যান্স টিম গঠন করতে বলা হয়েছে, যারা নিয়মিত তদারকি করবে।
এএডি/