মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মনিটরিং করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন হবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবে ‘ভূমিদৃষ্টি’। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভূমি সেবা কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের সেবা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
জিওফেন্সিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ভূমি অফিসের জন্য নির্ধারিত ভৌগোলিক সীমানা বা ভার্চুয়াল বাউন্ডারির মধ্যে অবস্থান করলেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দিতে পারবেন। নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
অ্যাপটিতে থাকবে লাইভ ড্যাশবোর্ড। কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে তথ্য হালনাগাদ হবে। এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি অফিসের উপস্থিতির চিত্র দেখতে পারবেন।
এ ছাড়া নির্ধারিত সীমানা লঙ্ঘন বা ভুয়া লোকেশন ব্যবহারের চেষ্টা শনাক্ত হলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা রয়েছে। সরকারি কাজে বা তদন্তের প্রয়োজনে কর্মস্থলের বাইরে যেতে হলে ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। পাশাপাশি অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন ও ছুটির হিসাবও সংরক্ষণ করা যাবে।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের পাইলটিং কার্যক্রম চলছে। এসব জেলার ৬১০টি কার্যালয়ের মোট ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিকভাবে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণ করা হবে।
অ্যাপটি চালুর কারিগরি সহযোগিতায় রয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (Parallaxlogic Infotech—PLX)।
এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলা’য় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রীর কাছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হচ্ছে।
সময়ের আলো/এসএকে