আজ থেকেই গ্যাসের প্রবাহ বেড়েছে এবং দৃশ্যমান উন্নতি ঘটেছে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, লংমার্চে হাজার লিটার জ্বালানি নষ্ট করে গ্যাস সংকটের সমাধান চেয়েছে বিরোধীদল, এটি তাদের একটি দ্বিচারিতা। সামগ্রিকভাবে বিরোধী দলের দাবিগুলো আগে থেকেই অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বর্তমান সরকার।
তিনি বলেন, গ্যাস–সংকটের স্থায়ী সমাধানে মধ্য মেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু হবে। এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হচ্ছে। এর জন্য এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং কার্যক্রম শুরু হয়েছে। এই খাতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে, যাতে জনগণের ওপর চাপ না পড়ে।
সময়ের আলো/কেএইচও