মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত ‘দেনা পাওনা’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। এই জুটিকে নিয়ে নির্মিত হয়েছে মিনি সিরিজ ‘চেনা অচেনা’। পরিচালনা করেছেন ওমর ফারুক।
সিরিজের গল্পে দেখা যাবে, আয়রার প্রেমিক থাকে আমেরিকায় কিন্তু হঠাৎ দাদি মাত্র সাত দিনের মধ্যে তাকে বিয়ে করতে বলেন। এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে আয়রা এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। সে রাস্তার ভিখারি রাতুলকে টাকা দিয়ে নিজের স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে এবং দাদির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সরল-সোজা রাতুলকে দাদির ভালো লেগে যায়। ধীরে ধীরে সে পরিবারের একজন হয়ে উঠতে থাকে।
কিন্তু সমস্যা দেখা দেয় আয়রার চাচাকে ঘিরে। তিনি চান, আয়রার বিয়ে হোক তার ব্যবসায়িক অংশীদারের ছেলের সঙ্গে, যাতে তার ব্যবসার পরিধি আরও বড় হয়। তিনি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে আয়রা-রাতুলের ‘নকল’ সম্পর্ক ভেঙে দিতে চান। রাতুল একের পর এক বিপদে পড়তে গিয়েও রেহাই পায়।
গল্পে সম্পর্কের টানাপড়েন, সামাজিক বাস্তবতা এবং অপ্রত্যাশিত ভালোবাসা একসঙ্গে জড়িয়ে যায়। একদিকে সামাজিক মর্যাদা আর স্বার্থের লড়াই, অন্যদিকে মিথ্যা থেকে জন্ম নেওয়া অদ্ভুত এক সম্পর্ক। শেষ পর্যন্ত কি আয়রা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে? এর উত্তর মিলতে থাকবে সিরিজের একেকটি পর্বে।
পরিচালক ওমর ফারুক বলেন, জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনো ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একই সঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি। চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার যাত্রা এটি।
গল্পে একটি মিথ্যার মধ্য দিয়ে আয়রা ও রাতুলের সম্পর্ক শুরু হয় কিন্তু সেই মিথ্যার ভেতর দিয়েই ধীরে ধীরে জন্ম নেয় সত্যিকারের আবেগ।‘চেনা অচেনা’য় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক।
সময়ের আলো/আআ