ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি ইসরাইলের বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, বুধবারের (১ এপ্রিল) ওই হামলায় ৮১ বছর বয়সি খারাজি আহত হন।
তবে এখনো স্পষ্ট নয় হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, নাকি আশপাশের অন্য কোনো স্থাপনায় আঘাত হানতে গিয়ে তিনি আহত হয়েছেন।
ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন কামাল খারাজি।
পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও ২০২২ সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন।
তার ওই বক্তব্যে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল।
সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বর্তমান সংঘাত নিয়ে তিনি বলেন, ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা না করায় কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না। আমরা দুই দফা আলোচনায় অংশ নেওয়ার সময়ই হামলার মুখে পড়েছি।
সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সময়ের আলো/আরবিএন