জাতির উদ্দেশে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ হামলা চালায় তেহরান। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্যান্য বিষয়ের পাশাপাশি ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে এসেছে।
তার এই বক্তব্য শেষে হওয়ার পর পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ছয় ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময় উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা যায়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে এই গোষ্ঠী সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট এবং একটি গ্রামে ড্রোন হামলার দায় স্বীকার করে।
ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ওই এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়েছে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/আআ