দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি গানে ব্যস্ত সময় কাটে তার। এবার গানের অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে তাকে। অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’।
কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত এই আয়োজনে উঠে আসবে সংস্কৃতি অঙ্গনের গুণিজনদের জীবন, ভাবনা ও দর্শন। অনুষ্ঠানটিতে ড. অণিমা রায় বৈঠকি আড্ডার আঙ্গিকে কথা বলবেন সংগীত ও সংস্কৃতির বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। একান্ত আলাপচারিতার মাধ্যমে অতিথিদের ব্যক্তিজীবন, শিল্পচর্চা ও দর্শনের নানা দিক তুলে ধরা হবে।
অণিমা রায় বলেন, ‘সংগীত নিয়েই আমার আজীবনের পথচলা। গানের মানুষদের নিয়ে একটি আড্ডা ও আলাপের আর্কাইভ থাকুকÑ এই ভাবনা থেকেই অণিমার গানঘরের আয়োজন। অনুষ্ঠানটি নির্মাণ করছেন তানভীর তারেক। প্রতি পর্বের ব্যাপ্তি ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা।
ইতিমধ্যে ধারণ করা কয়েকটি পর্বে অতিথি হয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব এবং সংগীতশিল্পী ফাতেমা-তুজ-যাহরা ঐশী।
প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টায় কোলাহলের অফিসিয়াল পেজ, ইউটিউবে তানভীর তারেকের অফিসিয়াল চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট পাঁচটি প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি প্রচার করা হবে। আজ রাত ১০টায় প্রচার হবে প্রথম পর্ব। উদ্বোধনী পর্বের অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব।
সময়ের আলো/কেএইচও