রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক ও বার্তা টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
জানা গেছে, সোমবার সকালে ঝর্ণা তার মেয়ে ও মেয়ে জামাইয়ের সাথে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে আসেন। পরে মেয়ে ও জামাতাকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বর এলাকা পার হওয়ার পর রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে নিচে পড়ে যায় ঝর্ণা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ঝর্ণাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, তার মৃত্যুতে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটিসহ জেলার সব সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এফআর