দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমে নজিরবিহীন গতি লক্ষ্য করা গেছে। চলতি অধিবেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ ও সংস্কারমূলক মোট ৮৭টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হয়।
আজ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের পাঁচটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬। বিলগুলো সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন। এর পাশাপাশি ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে পাস হয়। অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রের আর্থিক কাঠামো শক্তিশালী করতে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব আইন যুগোপযোগী করা হয়েছে।
অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি কাঠামো আধুনিকায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুততার সাথে এসব বিল যাচাই-বাছাই শেষে পাস করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের পুরোনো ও রহিত হওয়া আইনগুলোকে বর্তমান সময়ের চাহিদানুযায়ী পুনঃপ্রণয়ন করা হয়েছে।
/কহু