প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ১০:৪৬ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো নতুন কোনো তথ্য দেয়নি দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য জানতে রায়ের কপিও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। রায়ের কপি পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।
এর আগে, গত ১৫ অক্টোবর মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। চিঠিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা এবং আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়।
পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে জানতে চায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, সৌদি আরবে হুতি হামলায় নিহত শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবারের প্রয়োজন অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শামা ওবায়েদ আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংঘাতের কারণে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি, যাঁরা পরিস্থিতির কারণে আর সংশ্লিষ্ট দেশগুলোতে যেতে পারছেন না, তাদের দেশে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই