প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ এএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিন দায়িত্বে আশফাক হোসেইনসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দায়িত্ব পালন করা মুহাম্মদ আশফাক হোসেইন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। তাকে ‘পরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর দফতর)’ পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ অনুবিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক অফিস আদেশে এ পদায়নের তথ্য জানানো হয়েছে। নতুন দায়িত্বের অংশ হিসেবে আশফাক হোসেইন ‘পরিচালক (অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ)’ এবং ‘পরিচালক (আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অনুবিভাগ)’ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
দুবাইয়ে কর্মরত থাকাকালে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করা এবং কনস্যুলার সেবার মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রশংসিত হন মুহাম্মদ আশফাক হোসেইন। ওই সময়ে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি কনস্যুলেটের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং সেবা প্রদানের প্রক্রিয়া আধুনিক ও সুশৃঙ্খল করার উদ্যোগ নেন তিনি।
তার এসব উদ্যোগে কনস্যুলার সেবা আরও সহজ ও দ্রুত হয়েছে বলে সংশ্লিষ্ট প্রবাসীদের অভিমত। এতে কনস্যুলেটের সেবার মান ও সামগ্রিক ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ে।
দুবাইয়ে দায়িত্বের মেয়াদ শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রবাসীরা আশা করছেন, দুবাইয়ে অর্জিত অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে নতুন দায়িত্বগুলোতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আশফাক হোসেইন। বিশেষ করে অভিবাসন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তার অভিজ্ঞতা দেশের কূটনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে প্রত্যাশা তাদের।
মুহাম্মদ আশফাক হোসেইনের নতুন দায়িত্বে সাফল্য ও পেশাগত অগ্রগতি কামনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।
সময়ের আলো/জোই