প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ১২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক (অনারারি) সিনিয়র ফেলো নিযুক্ত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত এসএএফএন মূলত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও সংলাপের আয়োজন করে।
নিয়োগের ঘোষণায় জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে আনসারীর অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলা হয়, তার এই অভিজ্ঞতা ওয়াশিংটনে প্রতিষ্ঠানটির আলোচনা ও বিভিন্ন মহলের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশের গবেষক ও বৃহত্তর পাঠকসমাজও তার চিন্তা ও বিশ্লেষণ থেকে উপকৃত হতে পারবে।
নতুন এই ভূমিকায় আনসারী নীতিবিষয়ক সংলাপ ও গবেষণায় অবদান রাখবেন। ওয়াশিংটনে এসএএফএনের যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে নেটওয়ার্কটির গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নিতেও তিনি সহযোগিতা করবেন।
জনসেবা, আন্তর্জাতিক সম্পর্ক ও গণমাধ্যমে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকুল ফজল আনসারী বর্তমানে সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।
এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই সঙ্গে কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসে সমবর্তী দায়িত্বে ছিলেন। কূটনৈতিক দায়িত্বের আগে তিনি হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অন্য সিনিয়র ফেলোদের মধ্যে রয়েছেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম, শ্রীলঙ্কার সাবেক বিমানবাহিনী প্রধান গগন বুলাথসিংহলা, মালদ্বীপের কূটনীতিক রাষ্ট্রদূত ওমর আবদুল রাজ্জাক প্রমুখ।
এছাড়া এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান।
সময়ের আলো/টিকে