তিন যোগ্যতায় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি

রফিক রাফি

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩ ক্রাইটেরিয়ায় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। ইতিমধ্যে খোঁজখবর নিয়ে দলের পক্ষ থেকে ২০০ জনের

2026-04-11T04:55:50+00:00
2026-04-11T04:55:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সংরক্ষিত নারী আসনে নির্বাচন
তিন যোগ্যতায় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি
রফিক রাফি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ এএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩ ক্রাইটেরিয়ায় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। ইতিমধ্যে খোঁজখবর নিয়ে দলের পক্ষ থেকে ২০০ জনের একটি খসড়া তালিকা করা হয়েছে। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তাদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে মনোনয়ন চূড়ান্ত করা হবে। মনোনয়ন ফরম সংগ্রহকারী কম হলে একক সাক্ষাৎকার নেওয়া হবে, না হলে জেলাওয়ারি বা বিভাগওয়ারি সাক্ষাৎকার নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎকার নেওয়া হবে। দলীয় একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইতিমধ্যে মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার ৫ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন ১২ এপ্রিল। শুক্রবার থেকে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার আগে থেকেই দলের মনোনয়ন পেতে সিনিয়র নেতাদের কাছে তদবির ও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। বিশেষ করে সরকারি দল বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের বায়োডাটা জমা দেওয়ার হিড়িক পড়ে। মনোনয়ন ফরম বিক্রির আগেই ১২ শতাধিক বায়োডাটা জমা পড়ে।
আরও পড়ুন

নয়াপল্টন কার্যালয় সূত্র জানিয়েছে, বায়োডাটা জমা দিয়েছেন এবং মনোনয়ন ফরম কিনেছেন এমন অনেকেই আছেন যারা কখনো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আন্দোলন-সংগ্রামেও কোনো অবদান নেই।

দলের একাধিক সিনিয়র নেতা সময়ের আলোকে জানান, ৩টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে। প্রথমত বিগত সময়ে যেসব নারী নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন-সংগ্রামে ছিলেন, জেল-জুলুম-ত্যাগ স্বীকার করেছেন, ছাত্র সংসদে ছিলেন, সংসদে তারা অগ্রাধিকার পাবেন। দ্বিতীয়ত যারা ধানের শীষে নির্বাচন করে পরাজিত হয়েছেন সেসব সংসদ সদস্য বা সেই আসনের নারী নেতৃত্ব প্রাধান্য পাবেন। কারণ সে আসনে দলের প্রতিনিধি থাকা প্রয়োজন। তৃতীয়ত সমাজের অন্য পেশার নারীদের মধ্য থেকেও কিছু মনোনয়ন দেয়া হবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই বলেছেন তিনি সবাইকে নিয়ে কাজ করবেন।

অন্য একটি সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। আগামী সোমবার নজরুল ইসলাম খান ও মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন। এরপর মনোনয়ন চূড়ান্ত করার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সময়ের আলোকে বলেন, বিগত ১৬-১৭ বছরের আন্দোলনে ভূমিকা, দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতা এবং অন্য যেসব যোগ্যতা থাকা দরকার সবগুলো বিবেচনা করেই দলের নীতিনির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার সময়ের আলোকে বলেন, দীর্ঘ ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন তারা তো অগ্রাধিকার চাইবেই। যারা প্রতিভাময়ী, জেল-জুলুম সহ্য করেছেন তাদের মূল্যায়ন করলে দল, দেশ ও জাতির জন্য ভালো হয়। 

এএডি/


  বিষয়:   সংরক্ষিত  নারী আসন  নির্বাচন  তিন  যোগ্যতা  মনোনয়ন  চূড়ান্ত  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: