দিনাজপুরে দুষ্প্রাপ্য কষ্টিপাথর ও শ্বেত পাথরের তিনটি মূর্তি উদ্ধার বিজিবি। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, দিনাজপুর জেলার বিরল ও ঠাকুরগাঁও সদর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানকালে দুই আসামিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯.৫৪ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি এবং ৪৫.৩৭ কেজি ওজনের মূল্যবান শ্বেত পাথরের একটি শিব মূর্তি পাওয়া যায়।
এছাড়া দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৩.৮৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিব লিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও শ্বেত পাথরের মূর্তির আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
আটককৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের গৌরিপুর এলাকার জগদীশ চন্দ্রের ছেলে শ্রী সুমন চন্দ্র দেব (৩০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার মৃত আবু সাঈদের ছেলে মো. আব্দুল হাই (৬৫)।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এফআর