কুষ্টিয়ার খোকসায় বাজারের মধ্যে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় আশরাফুল (৩৫) নামের এক রংমিস্ত্রিকে পিটিয়ে আহত করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজারে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছেন হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে রিয়াজ (২২)।
এ সময় দুর্বৃত্তরা দেবীনগর গ্রামের ময়েন আলীর ছেলে রংমিস্ত্রি আশরাফুলকেও রক্তাক্ত আহত করে ফেলে যায়।
খোকসা থানার ওসি মোশারফ হোসেন প্রকাশ্যে বাজারে যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ যুবক ও রংমিস্ত্রি একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর লোক। নিজেদের মধ্যে কথাকাটাকাটি নিয়ে বিষয়টি গুলির পর্যায়ে পৌঁছেছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুলিবিদ্ধ ওই যুবকের ফুপাতো ভাই রুহুল আমিন জানান, দুপুর ১২টার দিকে হিজলাবট বাজারের একটি কাঠের ফার্নিচারের দোকানে রিয়াজ ও রংমিস্ত্রি আশরাফুল কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা প্রকাশ্যে বাজারের মধ্যে তাদের আক্রমণ চালায়। এ সময় রিয়াজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।