প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ এএম
আটক ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানা। ছবি : সময়ের আলোলক্ষ্মীপুর বাহিনী প্রধান ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত ৮ দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানা। তারা দুজনেই সদর উপজেলার পারবতীনগর গ্রামের বাসিন্দা।
এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছেন।
বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। সেখানে নিহত হন সদর উপজেলার দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বাহিনী প্রধান ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলম।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন বলে তাদের জানানো হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইব্রাহিম ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই