ঠাকুরগাঁওয়ে ভোট আজ

শাকিল আহমেদ ও শাহ মো. নাজমুল ইসলাম, ঠাকুরগাঁও

সারাদেশ

প্রচার শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। আসনটিতে জয়-পরাজয়ের হিসাব-নিকাশে হিন্দু ভোটারদের গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয়রা। তাদের মতে,

2026-10-29T01:30:36+00:00
2026-10-29T01:30:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
হিন্দু ভোটারদের হাতে বড় দান
ঠাকুরগাঁওয়ে ভোট আজ
শাকিল আহমেদ ও শাহ মো. নাজমুল ইসলাম, ঠাকুরগাঁও
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:৩০ এএম 
ছবি : সংগৃহীত
প্রচার শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। আসনটিতে জয়-পরাজয়ের হিসাব-নিকাশে হিন্দু ভোটারদের গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, প্রায় ১ লাখ ৬৮ হাজার হিন্দু ভোটারের সমর্থন নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তাই এই ভোটব্যাংকের দিকে নজর রয়েছে সব প্রার্থীর।

গতকাল সরেজমিনে দেখা গেছে, নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ রয়েছে। তবে ভোটের দিন বিএনপি ও জামায়াতের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কাও করছেন কেউ কেউ। যদিও নির্বাচন কমিশন (ইসি) বলছে, উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।

নির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মির্জা ফয়সল আমীন লড়ছেন ধানের শীষ প্রতীকে। ১১ দলীয় ঐক্যের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রতীক দাঁড়িপাল্লা। অন্য প্রার্থীরা হলেন— বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

স্থানীয় ভোটার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. আব্দুস সালাম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ভোটের দিনও এমন পরিবেশ থাকলে উৎসবমুখর ভোট হবে বলে আশা করছেন তিনি। তার মতে, গত ছয় মাসে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিএনপি ভালো অবস্থানে রয়েছে। এসব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটাররা দলটিকে বেছে নিতে পারেন।


অন্যদিকে ভোটার মো. নাজমুল বলেন, বিএনপি এগিয়ে থাকলেও জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনও জনপ্রিয়। গত নির্বাচনেও তিনি ভালো ভোট পেয়েছেন। ফলে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটের দিন সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি অতি গুরুত্বপূর্ণ এবং ৭০টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

নিরাপত্তায় পুলিশ, এসআরবি ও বিজিবিসহ ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এ ছাড়া মাঠে থাকছে এসআরবির ছয়টি মোবাইল টহল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ টিম। নজরদারিতে ব্যবহার করা হবে ড্রোন, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও বডি ওর্ন ক্যামেরা। পাশাপাশি মোতায়েন থাকবে বিজিবির ২১ প্লাটুন।

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে রয়েছে সেনাবাহিনী মোতায়েন, সদর উপজেলার ইউএনওকে প্রত্যাহার, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভোটগ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হয়েছে। বিশেষ করে হিন্দু ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের ওপর হুমকি-ধমকি ও মারধরের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার তথ্য, হামলাকারীদের নাম ও আহত ব্যক্তিদের তালিকা কমিশনে লিখিতভাবে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ভোটকেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজিবি, এসআরবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি তদারকি করা হবে। বডি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। গণমাধ্যমে প্রকাশিত খবর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট শপথ নেন। পরদিন ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ঠাকুরগাঁও  ভোট  আজ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: