প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ পিএম
দুই বোন মালিহা ও নাবিলা। ছবি : সংগৃহীতকক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত টাঙ্গাইলের নাগরপুরের দুই বোন মালিহা ও নাবিলার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাউসাইদ প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই বোনের জানাজার নামাজ সম্পূর্ণ হয়। পরে সামাজিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মালিহা ও নাবিলা উপজেলার মামুদনগর ইউনিয়নের বাউসাইদ গ্রামের মামুনুর রশীদ মামুনের মেয়ে।
স্থানীয়রা জানান, কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রেস্টুরেন্ট ও রিসোর্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় একই পরিবারের ছয়জনসহ একাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। অগ্নিকাণ্ডে নাগরপুরের দুই বোনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।
পরিবারের আদরের দুই সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
মালিহা ও নাবিলার এমন মর্মান্তিক মৃত্যুতে বাউসাইদ গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক নিশ্চিত করে জানান, দুই বোনের মরদেহের দাফন সম্পন হয়েছে।
সময়ের আলো/এনএন