প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পিএম
ইউপি সদস্য ইলিয়াস প্রধান। ছবি : সংগৃহীতসালিশের সময় প্রতিপক্ষের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও ইউপি সদস্য ইলিয়াস প্রধানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইলিয়াস ওই গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে এবং তিনি ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইকরামুজ্জামান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় তার নিজ গ্রাম থেকে মামলার ১নম্বর আসামি ইলিয়াস প্রধানকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী বাবুল হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধান আসামি গ্রেফতার হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আশা করছি অল্প সময়ের মধ্যেই বাকি আসামিরাও আইনের আওতায় আসবে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, একটি জরুরি কাজে আমি থানার বাইরে আছি। তবে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের গ্রেফতারের খবরটি আমি পেয়েছি। থানায় ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেলে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটে। হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৭ জন আহত হন। এ ঘটনায় ২৪ অক্টোবর গজারিয়া থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাবুল হোসেন।
সময়ের আলো/এনএন