গিয়েছিলেন ধানখেত পাহারায়, সড়কে মিলল কৃষক দুই হাত কাটা লাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নেজাম উদ্দিন (৫০) নামে এক চাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মীরেরখীল কালিছড়ি ব্রিজসংলগ্ন

2026-10-28T21:02:13+00:00
2026-10-28T21:02:13+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গিয়েছিলেন ধানখেত পাহারায়, সড়কে মিলল কৃষক দুই হাত কাটা লাশ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:০২ পিএম 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চাষি নেজামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নেজাম উদ্দিন (৫০) নামে এক চাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মীরেরখীল কালিছড়ি ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে মঙ্গলবার রাতে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সড়কের ওপর বৃষ্টির পানিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তার দুই হাত কনুই থেকে কাটা অবস্থায় ছিল।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পাশাপাশি চাষাবাদ ও গাছ কাটার কাজ করতেন।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, রাতে পাকা ধান পাহারা দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি তার ভাই। সকালে খুঁজতে গিয়ে তার মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, আমার ভাই একজন নিরীহ চাষি ও গাছ কাটার শ্রমিক ছিলেন। তাকে কেন, কী কারণে এমন নৃশংসভাবে হত্যা করা হলো, তা আমরা বুঝতে পারছি না।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের দাবি, গত এক মাসে সরফভাটা এলাকায় সন্ত্রাসী হামলায় কুপিয়ে একাধিক ব্যক্তিকে জখম করার ঘটনা ঘটেছে। এর আগে রাতে একটি ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছিল।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছরে রাঙ্গুনিয়ায় ২০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি সরফভাটা ইউনিয়নে ঘটেছে বলে তাদের দাবি। এসব ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সন্ত্রাসীদের ভয়ে মীরেরখীলসহ আশপাশের গ্রামের শত শত পরিবার এলাকাছাড়া হয়েছে। ভুক্তভোগীদের অনেকেই মামলা করতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

একের পর এক সহিংসতার ঘটনায় সরফভাটার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। নেজাম উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/আতা
  বিষয়:   ধানখেত  পাহারা  সড়ক  কৃষক  লাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: