ছবি : সংগৃহীত তৈরি পোশাকশিল্পে শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী সাত দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন, এমন ব্যক্তিরা শ্রমিক সংগঠনের নেতা সেজে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। তবে এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সজাগ রয়েছেন।
তিনি জানান, মজুরি বোর্ড গঠনের বিষয়ে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।
কারখানার মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের নিয়মিত মজুরি ও বকেয়া পরিশোধ করতে হবে।
শিল্পাঞ্চলের সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্তের কথাও জানান তিনি। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর কার্যালয়, বিজিএমইএ, বিকেএমইএ এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ সেল গঠন করা হবে।
মন্ত্রী বলেন, মনিটরিং সেলে কোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। অযথা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করে এ সেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার।
সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে