দিনে ২৫০০ রোগী নিয়ে ধুকছে ৫০০ শয্যার খুলনা মেডিকেল কলেজ

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার মানুষের চিকিৎসার প্রধান ভরসার জায়গা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)। সেবার মান বাড়াতে ও অতিরিক্ত চাপ সামলাতে হাসপাতালটিকে ২৫০

2026-10-28T23:43:24+00:00
2026-10-28T23:43:24+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনে ২৫০০ রোগী নিয়ে ধুকছে ৫০০ শয্যার খুলনা মেডিকেল কলেজ
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম 
দিনে ২৫০০ রোগী নিয়ে ধুকছে ৫০০ শয্যার খুলনা মেডিকেল কলেজ। ছবি : সময়ের আলো
খুলনার মানুষের চিকিৎসার প্রধান ভরসার জায়গা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)। সেবার মান বাড়াতে ও অতিরিক্ত চাপ সামলাতে হাসপাতালটিকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হলেও, বাস্তবে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ৫০০ শয্যার অবকাঠামো ও জনবল নিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন দুই থেকে আড়াই হাজারেরও বেশি রোগী।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, ধারণক্ষমতার চেয়ে পাঁচ থেকে ছয় গুণ বেশি রোগী অবস্থান করায় ওয়ার্ডের মেঝে, বারান্দা, সিঁড়ির পাশ এবং চলাচলের যাতায়াত পথেই তোশক বা পাটি বিছিয়ে চিকিৎসাধীন রয়েছেন শত শত রোগী। শয্যা সংকটের কারণে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের, ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিধি।

হাসপাতালে চিকিৎসা নিতে কলারোয়া থেকে আসা আসমা বেগম বলেন, আমার বাচ্চা হাম রোগে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য গত পরশুদিন ভর্তি করেছি। একটি বেডের জন্য অনেক চেষ্টা করেছি। রোগীর সংখ্যা বাড়ায় বেড পাওয়া যায়নি। বাধ্য হয়ে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছি।

দৌলতপুর এলাকা থেকে চিকিৎসা নিতে ফিরোজ বলেন, আমার ডেঙ্গু আক্রান্ত স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য আসছি। বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছি। তাতেও কোন সমস্যা ছিল না। সকালে আমারদের দুটি ফোনই চুরি হয়ে গেছে। এ সময়, হাসপাতালে দালাল ও চোরের দৌরাত্ম প্রশাসনিক দফতর নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন না থাকায় ঠান্ডা ও অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যেই মেঝেতে নিতে হচ্ছে সেবা। অনেকক্ষেত্রে গুরুতর অসুস্থ রোগীকেও ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় ফেলে রাখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাসপাতালের সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তারা জানান, হাসপাতালটি ৫০০ শয্যা হলেও প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার রোগী ভর্তি থাকেন। রোগী সংখ্যা ২০০-৩০০ বেশি থাকলে ব্যবস্থাপনা সম্ভব। কিন্তু দুই হাজারের বেশি রোগী সবসময় ভর্তি থাকলে সেবাদান চরমভাবে ব্যাহত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, আমরা রোগীদের ফিরিয়ে দিতে পারি না। মানবিক কারণে সবাইকে ভর্তি নিতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে, ৫০০ শয্যার জন্য বরাদ্দকৃত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পরিচ্ছন্নতাকর্মী ও চিকিৎসক-নার্স দিয়ে আড়াই হাজার রোগীর সেবা দেওয়া প্রায় অসম্ভব। অতিরিক্ত চাপের কারণে বিদ্যমান অবকাঠামো ও চিকিৎসা উপকরণও দ্রুত নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালটিকে দুই হাজার শয্যায় উন্নীত করা এবং সেই অনুপাতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও জনবল নিয়োগ দেওয়া জরুরি। না হলে কাঙ্ক্ষিত মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  মানুষ  চিকিৎসা  ভরসা  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল  খুমেক  সেবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: