প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৪১ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১০:২২ এএম
সংগৃহীত ছবি কর্মসূত্রে ছেলে-মেয়ে থাকেন ঢাকায়। গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন ৬০ বছর বয়সী আব্দুল খালেক খন্দকার। কয়েকদিন ধরে তাকে বাইরে দেখা যাচ্ছিল না। বুধবার সন্ধ্যায় বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা পান তীব্র দুর্গন্ধ। পরে পুলিশকে খবর দিলে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয় তার অর্ধগলিত মরদেহ।
বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল খালেক খন্দকার ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে। তিনি বিল্বগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সর্দার জানান, গত সোমবারের পর থেকে খালেককে আর বাজারে দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় প্রতিবেশীরা তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। সন্দেহ হলে ঘরের কাছে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। পরে তারা পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিছানায় পড়ে থাকা অবস্থায় আব্দুল খালেকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, খালেক ওই ঘরে একাই বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে কর্মসূত্রে ঢাকায় থাকেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই